২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-মিশুকের মৃত্যু: মামলার দ্রুত নিষ্পত্তি দাবি

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিযেছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 01:14 AM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংলগ্ন তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে নির্মিত সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনা চত্বরে ‘সড়ক নিরাপত্তা সংলাপ ২০১৫’ শীর্ষক সভায় তিনি এ অনুরোধ জানান।

তারেক মাসুদ ও মিশুক মুনীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও ব্রাকের যৌথ উদ্যোগে এই স্মরণ সভা হয়।

ক্যাথরিন মাসুদ বলেন, “তারেক মাসুদ-মিশুক মুনীরের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানাচ্ছি।”

চার বছর আগে দুর্ঘটনায় স্বামী হারানো ক্যাথরিন বলেন, “বাংলাদেশে যদি আপনি কাউকে খুন করতে চান, তবে সবচেয়ে ভাল উপায় হল তাকে গাড়িচাপা দিয়ে মেরে ফেলা। কারণ এতে আপনার কোনো বিচার হবে না।”

২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন।

দুর্ঘটনা এড়াতে ট্রিপ অনুযায়ী নয়, চালকদের বেতন মাস হিসেবে নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেন ক্যাথরিন মাসুদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “তারেক মাসুদ-মিশুক মুনীরের সড়ক দুর্ঘটনা একটি সড়ক হত্যাকাণ্ড। বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা মহামারি আকারে দেখা যাচ্ছে।

“অবৈধ লাইসেন্সধারী চালক, ফিটনেসবিহীন গাড়ি, বিলম্বিত বিচারকার্য, পথচারীদের অসচেতনতা-এসব কারণেই সড়ক দুর্ঘটনা ঘটছে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়েই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করতে হবে।”

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরিতে তরুণ প্রজন্মকে প্রচারণা চালানোর  পরামর্শ দেন তিনি।

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, “দেশের কর্তৃপক্ষই আইন মানছেন না। সড়ক একটি বিপজ্জনক জায়গা, আনন্দের জায়গা নয়।

“কানে হেডফোন লাগিয়েই অনেক পথযাত্রীকে রাস্তা পার হতে দেখা যায়। এতে তারা নিজের বিপদের পাশাপাশি চালকদেরও সমস্যার মুখে ফেলেন।”

সভায় অন্যদের মধ্যে মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুরী কাজী, ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর ফর স্ট্র্যাটেজি, কমিউনিকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট আসিফ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।