সিরাজগঞ্জে কোটি টাকাসহ আটকরা রিমান্ডে
সিরাজগঞ্জে কোটি টাকাসহ আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে পুলিশি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমান এ আদেশ দেন বলে জানান মামলার বাদী বঙ্গবন্ধু সেতু থানার এসআই আহসান হাবিব ।
এরা হলেন, রাজশাহীর দুর্গাপুরের দেবীপুর আব্দুর রাজ্জাক (২৮) ও মুন্সীগঞ্জের গজারিয়ার বাঁশগাঁও গ্রামের বাবু ওরফে যুবরাজ (২৮)
গত ১৮ অগাস্ট বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে এক কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকা ও একটি প্রাইভেটকারসহ ওই দুই যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই আহসান হাবিব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এসআই আহসান হাবিব জানান, ওই দুই জনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
