২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন

লক্ষ্মীপুরে লোহার রডের পিটুনিতে নিহত শিশু রমজান আলীর মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

এ ঘটনায় এখনও মামলাও হয়নি বলে পুলিশ জানিয়েছে।

নিহত রমজানের (১২) বাবা-মা দোকান মালিকের সঙ্গে ‘সমঝোতার মাধ্যমে’ লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেও পুলিশ তা নিশ্চিত করেনি।

স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার লক্ষ্মীপুর সদরে ভারী বোঝা তুলতে গিয়ে আহত হয় শিশু শ্রমিক রমাজান। পরে মালিকের লোহার রডের পিটুনিতে আহত হয়।

এর আট দিন পর মঙ্গলবার (১৮ অগাস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

রমজানের মা শুক্কুরী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকা চাইতে গেলে ছেলের লাশ তুলে ময়নাতদন্ত হবে এবং লাশ কাটা-ছেঁড়া হবে।

“সেই ভয়ে পুলিশের কাছে সন্তানের না দাবি দিয়ে লাশ দাফন করে ফেলেছি।”

রমজানের বাবা তাজুল ইসলাম জানান, স্থানীয় পৌর কাউন্সিলর মো. শিপনের মাধ্যমে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাসের প্রেক্ষিতে থানায় মামলা করা হয়নি।

তবে এখনও কোনো টাকা পাননি বলে জানান তিনি।

এ ব্যাপারে পৌর কাউন্সিলর শিপনের সঙ্গে যোগাযোগ করতে ফোন করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

“ঘটনার তদন্ত চলছে। এখনও মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।”

দোকান মালিক আলী হোসেনের সঙ্গে রমজানের পরিবারের টাকার সমঝোতার বিষয়ে ওসি বলেন, কথাটা তিনি শুনেছেন। তবে, তদন্ত করা ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।

১০ অগাস্ট স্থানীয় বাগবাড়ীর প্রাণ কোম্পানির পরিবেশক ও সৌদিয়া  ট্রেডার্সের মালিক আলী হোসেনের দোকানে কাজ করছিল শিশু রমজান।

অভিযোগ রয়েছে, রমজানের মাথায় দুইটি ভারি কার্টন তুলে দিলে ভার সইতে না পারায় কার্টনগুলো পড়ে যায় এবং রমজান আহত হয়।

ওই সময় দোকান মালিক আলী হোসেন লোহার রড দিয়ে পেটান রমজানকে।

বুধবার বিকালে বাঞ্চানগর গ্রামে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়েছে।

পুরনো খবর:

লক্ষ্মীপুরে রড দিয়ে পিটিয়ে শিশু হত্যা