রাষ্ট্রপতির সঙ্গে দক্ষিণ কোরিয়ার দূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়াং।
বৃহস্পতিবার বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।”
এসময় রাষ্ট্রপতি বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান।
সংসদ ভবনে সৌর বিদ্যুত প্যানেল স্থাপনসহ বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে সহযোগিতার জন্য আবদুল হামিদ কোরিয়া সরকারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোরিয়ার সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
প্রেস সচিব জানান, বিদায়ী দূত তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি যেখানেই থাকবেন সেখানে বাংলাদেশের জন্য কাজ করবেন।
বিদায়ী দূত ইয়াং বলেন, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে তার দেশের সঙ্গে বাংলাদেশের সাদৃশ্য রয়েছে। বাংলাদেশ কোরিয়ার মডেল অনুসরণ করলে আরও এগিয়ে যেতে পারে।
পরে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি এসময় বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি বিশেষ করে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল, পাটজাত, চামড়াজাতসহ বিভিছন্ন পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করার জন্য রাষ্ট্রদূততে আহ্বান জানান।”
বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে অব্যাহত প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান আবদুল হামিদ। নতুন রাষ্ট্রদূত এ সময় রাষ্ট্রপতির দিক নির্দেশনা কামনা করেন বলেও জানান প্রেস সচিব।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
