উচ্চশিক্ষায় ভ্যাট বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর সাড়ে ৭ শতাংশ করারোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রামের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও প্রায় হাজারখানেক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে শেষে শিক্ষার্থীরা মিছিল করে চট্টগ্রাম আদালত ভবনে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন তারা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর করারোপ করা হলে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ কমে যাবে বলে দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
সমাবেশে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, ইউআইটিএস, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
