বাসসের চেয়ারম্যান হলেন অধ্যাপক গোলাম রহমান
সাংবাদিকতার শিক্ষক গোলাম রহমানকে চেয়ারম্যান করে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার।
বাসস জানিয়েছে, তথ্য মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাসসের নতুন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমীমা হোসেন, দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খান, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, খুলনার দৈনিক পূর্বাচলের সম্পাদক লিয়াকত আলী এবং বাসসের বিশেষ সংবাদদাতা আমিনুল ইসলাম মির্জা।
নবগঠিত পর্ষদ আগামী তিন বছর বাসসের দেখভাল করবে।
