২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটির তিন প্যানেল মেয়র নির্বাচিত

গোপন ভোটে আওয়ামী লীগ সমর্থিত তিন ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 03:33 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

নির্বাচিত প্যানেল মেয়ররা হলেন- চৌধুরী হাসান মাহমুদ হাসনী (২০ নম্বর ওয়ার্ড), জোবায়রা নার্গিস খান (২ নম্বর সংরক্ষিত ওয়ার্ড) এবং নিছার উদ্দিন আহমেদ মঞ্জু (১০ নম্বর ওয়ার্ড) । 

বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশন মিলনায়তনে মেয়র আ জ ম নাছির উদ্দিনের উপস্থিতিতে  ৪১ জন সাধারণ ও ১৪ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররা গোপন ব্যালটে তাদের রায় দেন।

বেলা সাড়ে এগারটা থেকে প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ শেষে মেয়র নাছির উদ্দিন ফল ঘোষণা করেন। এসময় করপোরেশনের সচিব রশিদ আহমদসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

চৌধুরী হাসান মাহমুদ হাসনী ৩৯ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ নির্বাচিত হন।

এছাড়া জোবায়রা নার্গিস খান ৩১ ও নিছার উদ্দিন আহমদ মঞ্জু ৩০ ভোট পেয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধ্যাদেশ অনুযায়ী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে থেকে নির্বাচন বা সমঝোতার ভিত্তিতে দুইজন পুরুষ ও একজন নারীকে প্যানেল মেয়র করার  বাধ্যবাধকতা রয়েছে।

গত মেয়াদ থেকেই চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলররা গোপন ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচিত করে আসছেন।

গত ২৮ এপিল অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ১ লাখ ৭০ হাজার ভোটের ব্যবধানে মনজুর আলমকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।