ঢাকায় ১২ ‘প্রতারক’ আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে, যারা ‘প্রতারক চক্রের সদস্য’ বলে পুলিশের দাবি।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহঙ্গীর আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “গ্রেপ্তারদের মধ্যে আবদুর গফুর নামের একজন রয়েছে, যে এই অজ্ঞান পার্টির দলনেতা। তাদের তিনজনের কাছে হজের ভিসাও পাওয়া গেছে।”
পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জাহঙ্গীর আলম জানান।
ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে এ ধরনের প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যায়। সাধারণ মানুষের ভাষায় এরা ‘অজ্ঞান পার্টি’ হিসাবে পরিচিত।
এদের খপ্পরে পড়ে চেতনানাশক ওষুধের প্রতিক্রিয়ায় অনেকেরই মৃত্যু হয়েছে। অনেকে আবার সর্বস্ব হারিয়ে দীর্ঘ মেয়াদী শারীরিক সমস্যায় ভুগেছেন।
