আ. লীগে যোগ দিয়েই সংঘর্ষে ‘অতিথিরা’
বিএনপি থেকে যোগ দিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন ‘নতুন অতিথিরা’।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর উপস্থিতিতে বুধবার ফরিদপুরের সালথার ইউসুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিশৃঙ্খলা ঘটানোর দায়ে গ্রেপ্তার হয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, সালথার বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য দুই শতাধিক কর্মী নিয়ে অনুষ্ঠানস্থলে যায়।
এর কিছুক্ষণের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিছিলসহ সমর্থকদের নিয়ে সেখানে গেলে মঞ্চের কাছে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা রূপ নেয় কাদা ছোড়াছুড়িতে।
ধাওয়া পাল্টাধাওয়ার মধ্যে দেলোয়ার মঞ্চ থেকে নেমে এলে তাকে ‘নতুন কর্মীরা’ পিটুনি দেয় বলে জানিয়েছেন সভায় উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী।
তাকে আটক করে পুলিশ প্রহরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন।
ওসি বেলায়েত বলেন, সংসদ উপনেতার উপস্থিতে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সালথা আওয়ামী লীগের সভাপতিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপনেতার ছেলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু।
ধাওয়া পাল্টা ধাওয়ার আগেই সাজেদা চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন বিএনপি সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ও তার দুই শতাধিক কর্মী।
