টেকনাফে ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যাদের মধ্যে এক নারীও রয়েছেন।
বুধবার দুপুরে হ্নীলা বাজারে দুটি অভিযানে ১২৫০টি ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান।
আটকরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার মোহাম্মদ রফিক ওরফে নুরুল হাকিমের স্ত্রী শারমিন আক্তার (৩৫) ও কক্সবাজার সদরের খরুলিয়ার ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে মোহাম্মদ জোবায়ের (২৯)।
মোহাম্মদ ইব্রাহিম জানান, দুপুর ২টার দিকে টেকনাফের হ্নীলা বাজারে ইয়াবা বিক্রির সময় ৭৫০টি ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
একই এলাকা থেকে পরে পৃথক এক অভিযানে ৫০০টি ইয়াবাসহ জোবায়েরকে আটক করা হয় বলে জানান তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক দুই জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ইব্রাহিম।
