যশোরে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন
যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের কৃষক আব্দুস সামাদ (৩৫) হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।
বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের রফিক ওরফে রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, দ্বীন মোহাম্মদ ওরফে দ্বীনু, শাহাদাৎ ওরফে মেঝ, রাজ্জাক, আলতাফ, তোরাপ, জাকির হোসেন, সোহরাব হোসেন, রফিক, রাজ্জাক কাগজী।
এছাড়া প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাভোগ করতে হবে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি এনামুল হক মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, ১৯৯৫ সালের ১ ফেব্রুয়ারি রাতে ঘরের দরজা ভেঙে আব্দুস সামাদকে ধরে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।
“পরদিন সকালে রক্তাক্ত অবস্থায় এক কিলোমিটার দূরে মমিনপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। ওই দিনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।”
এ ঘটনায় সামাদের বাবা নজর আলী শেখ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি হত্যা মামলা করেন বলে জানান এনামুল।
তিনি বলেন, তদন্ত শেষে ১৯৯৬ সালের ২৩ জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৫ সালের ৪ মার্চ মামলাটি খুলনার দ্রুত বিচার আদালতে স্থানান্তরিত হয়।
