ওয়ারিতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
রাজধানীর ওয়ারিতে দুর্বৃত্তের গুলিতে এক যুবলীগ নেতা আহত হয়েছেন।
আহত আব্দুল মান্নান (৩২) যুবলীগের ঢাকা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। মিটফোর্ডে ওষুধের ব্যবসা রয়েছে মান্নানের।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।
তিনি বলেন, মান্নানের স্ত্রী নুসরাত জাহান সাথী আহত স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। মান্নানের মাথা ও পেটে গুলি লেগেছে।
সাথী হাসপাতালে সাংবাদিকদের বলেন, রাতে মিটফোর্ডে ওষুধের দোকান থেকে আলামিন নামে এক বন্ধুর সঙ্গে রিকশায় করে ওয়ারির বাসায় ফিরছিলেন মান্নান।
“হাটখোলা রোডের রূপায়ন টাওয়ারে বাসার কাছে এসে রিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে একটি মটরসাইকেলে তিন যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়।”
কারা কেন তার স্বামীকে গুলি করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি সাথী।
তবে মান্নানের সঙ্গে থাকা আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
রূপায়ন টাওয়ারের তৃতীয় তলায় দুই মেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন মান্নান।
রাত ১২টার দিকে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসাপাতালে নিয়ে যায় বলে এএসআই সেন্টু জানান।
