রমনা রোটারি ক্লাবে নতুন নেতৃত্ব
২০১৫-১৬ সালের জন্য পর্ষদের নতুন পরিচালক নির্বাচন করেছে রমনা রোটারি ক্লাব।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর হয়।
বিগত জেলা গভর্নর ও প্রেসিডেন্টবৃন্দ, বিভিন্ন রোটারি ক্লাবের সদ্য বিদায়ী কমিটির সভাপতিবৃন্দ এবং সোসাইটির জননন্দিত সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
৩৯তম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত শাহেদ আখতার ও তার দল দায়িত্ব গ্রহণ করে।
সদ্য বিদায়ী সভাপতি তালেয়া রেহমানসহ ২০ সদস্যের পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন তিনি।
কূটনীতিক হিসেবে অবসর নেওয়ার আগে স্পেন ও থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন শাহেদ আখতার।
তিনি বলেন, “কয়েক দশক ধরে প্রজাতন্ত্রের একজন কর্মী হিসাবে আমার কর্মজীবনের অভিজ্ঞতা নতুন এই
দায়িত্বপালনে সহায়ক হবে।
“জনকল্যাণ ও মানব উন্নয়ন, সংঘাত নিরসন-এগুলো দায়িত্ব পালনে আমাকে সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ক্লাবের নতুন প্রেসিডেন্ট শাহেদ আখতার।
অনুষ্ঠানের বিশেষ অতিথি রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর এসএএম শওকত হোসেন বলেন, “অন্যের মুখে হাসি ফোটানোর মত আনন্দের কাজ পৃথিবীতে খুব কমই আছে। রোটারি ক্লাবের মত প্রতিষ্ঠানের মাধ্যমে এমন সব কাজ করা হয়, যার মাধ্যমে মনে তৃপ্তি আসে।
“রোটারি ক্লাবের সদস্যদের কাজকে সমাজসেবামূলক না বলে সমাজ ও পৃথিবীর প্রতি মানুষের ঋণ পরিশোধ বলাই যথাযথ।”
ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “পৃথিবীতে এমন কিছু কাজ করে যাওয়া উচিত যার মাধ্যমে মরনের পরও মানুষ স্মরণ রাখে। মানুষ যাতে আমাদের অনুসরণ করে।”
রমনা রোটারি ক্লাবের নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ব্রাকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসা।
রমনা রোটারি ক্লাবের সেবামূলক কাজের প্রতিবেদন তুলে ধরেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইশফাক ইলাহি চৌধুরী।
নতুন কমিটির সাধারণ সম্পাদক এমএ হাশেম অনুষ্ঠানে সমবেতদের কাছে অতিথি ও প্রবীণ ক্লাব সদস্যদের পরিচয় করিয়ে দেন।
অন্যদের মধ্যে রমনা রোটারি ক্লাবের পারভিন আহমেদ খুশি, ব্যারিস্টার ফাতেমা আনোয়ার বক্তব্য রাখেন।
