জাতিসংঘে ওবামা-হাসিনা বৈঠকের আশা
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হতে পারে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন শুরু হবে।
মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপিত কার্যপত্রে বলা হয়, জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্সীয় বৈঠকের মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রী আলোচনা করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
“প্র্রধানমন্ত্রী অধিবেশনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানবপাচারসহ আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এছাড়া বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী সার্ক, ওআইসি, ন্যাম, কমনওয়েলথ, এলায়েন্স অব সিভিলাইজেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবেন।”
সাধারণ পরিষদের এবারের অধিবেশনের সাধারণ বিতর্ক ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৬ অক্টোবর পর্যন্ত চলবে।
সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি দীপু মনি সাংবাদিকদের বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে তুলে ধরা যায় তা পর্যালোচনা করা হয়েছে। সেখানে কে কোন ইস্যুতে কথা বলবে সেটাও আলোচনায় এসেছে।”
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ওই বৈঠকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলী ও মানবপাচার নিয়ে আলোচনা হয়।
আলোচনায় মানবপাচার রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে কমিটি সন্তোষ প্রকাশ করে।
একইসঙ্গে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কাজী নাবিল আহমেদ, রাজী মোহাম্মদ ফখরুল ও মাহজাবিন খালেদ অংশ নেন।
