২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর ভবনে দরপ্রস্তাব ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রাম বন্দর ভবনে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে দরপত্র শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 10:00 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

শামস মেরিন সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুল মালেক অভিযোগ করেছেন, তার কাছ থেকে দরপ্রস্তাব ছিনিয়ে নেওয়া হয়েছে।

মালেক এজন্য চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ-সভাপতি রাহুল বড়ুয়াকে দায়ী করেছেন। তবে রাহুল দাবি করেছেন, মঙ্গলবার বন্দর ভবনে যাননি তিনি, তাকে ফাঁসাতে এই অভিযোগ করা হচ্ছে।    

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, এ ধরনের কোনো অভিযোগ তারা পাননি। পুলিশ বলছে, এক ব্যক্তি তাদের কাছে মৌখিকভাবে অভিযোগ করলেও কোনো মামলা করেননি।

মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আড়াইটার দিকে বন্দর ভবনের নিচতলার ব্যাংকে টেন্ডার শিডিউল কেনার জন্য তিন হাজার টাকা জমা দিয়ে তিনি ভবনের তৃতীয় তলায় গিয়েছিলেন।

“সেখান থেকে শিডিউল নিয়ে বের হওয়ার পরই নগর ছাত্রলীগ সহ-সভাপতি রাহুল বড়ুয়ার নেতৃত্বে ১০-১২ ছেলে আমাকে ঘিরে ধরে। তারা আমাকে মারধর করে শিডিউল ছিনিয়ে নেয়।”

গত ৩ অগাস্ট পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বয়া মেরামতের একটি টেন্ডার আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। ২৩ অগাস্ট দরপ্রস্তাবগুলো খোলার দিন নির্ধারিত আছে।

শামস মেরিন সার্ভিস লিমিটেডের মালিক চট্টগ্রাম আওয়ামী লীগের নগর কমিটির সদস্য রোটারিয়ান মো. ইলিয়াস।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাহুল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সারাদিনে আমি বন্দর ভবন বা আশেপাশের এলাকায় যাইনি।

“রোটরিয়ান ইলিয়াসের সঙ্গে আমার আগে ঝগড়া হয়েছিল। এর জেরেই আমাকে ফাঁসানোর জন্য এরকম অভিযোগ করা হচ্ছে।”

চট্টগ্রাম বন্দরের সদস্য (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। কেউ অভিযোগ নিয়েও আসেননি।”

বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, “একজন ফোনে শিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। তাকে বলেছি লিখিত অভিযোগ করতে। লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত করে দেখা হবে।”