২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষকে ফাঁসাতে খুন করে ফাঁসলেন যুবলীগ নেতা

আধিপত্যের বিরোধে দলীয় এক নেতাকে হত্যার পরিকল্পনা করে ফেঁসে গেছেন চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের যুবলীগ সহসভাপতি মাহফুজুল হক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 07:00 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

নিজের পক্ষের ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হাফেজ আহমদকে হত্যার পরিকল্পনা তিনি করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। কিন্তু খুন হয়েছিলেন তার বেয়াইন আনোয়ারা বেগম।

গত ৮ জানুয়ারি সংঘটিত ওই হত্যাকাণ্ডের তদন্তে মাহফুজুলের সম্পৃক্ততার তথ্য মেলে বলে সিআইডির পরিদর্শক ও ওই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক জানিয়েছেন।

গ্রেপ্তারের পর মাহফুজুলকে মঙ্গলবার সাংবাদিকদের সামনে এনে ওই হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মাহফুজ দোষ স্বীকার করে সাংবাদিকদের বলেন, “স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিককে ফাঁসানোর জন্য হাফেজ আহমদকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ নেতা মাহফুজ ওরফে মাহমুদ (৪২) এওচিয়া ইউনিয়ন পরিষদেরও সদস্য।

এলাকার রাজনীতিতে আওয়ামী লীগ নেতা হাফেজের সমর্থক হিসেবেই তিনি পরিচিত। নজরুল ইসলাম মানিক তাদের প্রতিপক্ষ শিবিরে।

এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে ৮ জানুয়ারি রাতে মেয়ের শ্বশুর বাড়িতে খুন হন আনোয়ারা। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে বেড়াতে এসেছিলেন।

সিআইডি কর্মকর্তা ওবায়দুল বলেন, “হাফেজ আহমদ সাধারণত যে কক্ষে ঘুমাতেন, সে রাতে ওই কক্ষে ঘুমিয়ে ছিলেন তার ছেলের শাশুড়ি আনোয়ারা বেগম। দুর্বৃত্তরা ওই কক্ষ লক্ষ করে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে আনোয়ারা মারা যান।”

এরপর হাফেজ আহমদ বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তদন্তে মাহফুজসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তরিত হয়।

সিআইডি তদন্ত করতে গিয়ে মাহফুজের পরিকল্পনার তথ্য উদ্ঘাটন করে বলে জানান তদন্ত কর্মকর্তা ওবায়দুল। মাহফুজ সব স্বীকার করেছেন বলেও জানান তিনি।

“এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজ পক্ষের হাফেজ আহমদকে হত্যার পরিকল্পনা করেছিল মাহফুজ।”

মাহফুজকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে সোমবার ছনখোলা গ্রামে অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেল, তিনটি এলজি, নয়টি গুলি, সাতটি কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করেছে সিআইডি।

ওবায়দুল বলেন, “ঘটনায় ব্যবহৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মাহফুজের বাড়ির পাশের একটি ডোবা থেকে পলিথিনে মোড়ানো একে-২২ ও তিনটি এলজি উদ্ধার করা হয়।”

অস্ত্র উদ্ধারের ঘটনায় সাতকানিয়া থানায় অস্ত্র আইনে মাহফুজের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।