সাইবার অপরাধ নজরদারিতে কেন্দ্রীয় সংস্থা হচ্ছে
সামাজিক গণমাধ্যমসহ সাইবার জগতের অপরাধের উপর নজরদারি জোরদার করতে কেন্দ্রীয় সংস্থা গঠনের প্রস্তাব করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।
মঙ্গলবার বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাইবার অপরাধের উপর নজরদারি জোরদার, সংঘটিত ঘটনা তদন্ত ও দোষীদের সনাক্ত করে এ ‘সংক্রান্ত অপরাধ দমনে দেশের সংশ্লিষ্ট সকল সংস্থা ও দপ্তরের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সংস্থা গঠনের প্রস্তাব তৈরি করা হয়েছে।
প্রস্তাবটি শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানায় বিটিআরসি।
সাইবার অপরাধ দমন ও নিরাপত্তা বাড়াতে আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আরো নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সার্বিক এ উদ্যোগ নিয়েছে বিটিআরসি।
এছাড়া বিদ্যমান সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাইবার অপরাধীদের সনাক্তকরণসহ পুলিশের তদন্তকাজে সহায়তার লক্ষ্যে কারিগরি ব্যবস্থা প্রতিষ্ঠা করার পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়।
বর্তমানে বিটিআরসির পাশাপাশি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন দপ্তর এবং নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহ নিজস্ব অধিক্ষেত্র ও ক্ষমতানুসারে সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে থাকে।
বিটিআরসি জানায়, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে দেশের পুলিশসহ আইন প্রয়োগকারী ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে বিটিআরসির কর্মকর্তাদের সম্প্রতি একাধিক ফলপ্রসূ বৈঠক হয়েছে।
ভবিষ্যতে সাইবার অপরাধ দমনে আরো উচ্চ পর্যায়ের বৈঠক করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানায় বিটিআরসি।
বাক, চিন্তা ও যোগাযোগের স্বাধীনতা সমুন্নত রাখার পাশাপাশি সুস্থ ও সাবলীল সামাজিক মাধ্যম গঠনে বিটিআরসি সহায়ক ভূমিকা পালন করে আসছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা।
সোশ্যাল মিডিয়াসহ সাইবার অপরাধ দমনে বিদ্যমান জনবল ও কারিগরি সক্ষমতা দিয়ে বিটিআরসি সাধারণ নাগরিক এবং বিভিন্ন সংস্থাকে চাহিদামত সহযোগিতা প্রদান করে আসছে বলেও জানানো হয়।
বিটিআরসি জানায়, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিটিআরসি নিয়ন্ত্রণ করে না। এই সব মাধ্যমগুলোর সঙ্গে বিটিআরসি বা অন্য কোন সংস্থার কোন প্রকার সমঝোতা স্মারক বা চুক্তি না থাকলেও তাদের নিজস্ব নিয়ম-কানুন অনুসারে জনস্বার্থে প্রয়োজনমত বিটিআরসি তাদের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে।
