শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনার এবং আপনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
মঙ্গলবার ৭৪ বছর বয়সে মারা যান শুভ্রা মুখোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রার বাবার নাম অমরেন্দ্র ঘোষ। তাদের বাড়ি ছিল ভদ্রবিলা গ্রামে।
তবে বর্তমানে সেখানে তার ভাই-বোনের মধ্যে শুধু কানাইলাল ঘোষ (৬৮) বসবাস করছেন।
শুভ্রা মুখোপাধ্যায়কে একজন আত্ম মর্যাদাশীল নারী হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, “তিনি ছিলেন একজন প্রেমময়ী মা, স্বামীর প্রতি সদা যত্নশীল স্ত্রী এবং সবার উপরে চমৎকার মানুষ। শিল্প, সংস্কৃতিতেও তার প্রতিভার স্বাক্ষর রয়েছে। চিত্রশিল্পী হিসেবে তার অবদান অনন্য।”
ভারতের রাষ্ট্রপতির রাজনৈতিক জীবনের তিনি ছায়া হয়ে পাশে থেকে সাহস জুগিয়ে গেছেন বলেও শোকবার্তায় উল্লেখ করেন শেখ হাসিনা।
ভারতের রাষ্ট্রপতির প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “আপনার দীর্ঘ রাজনৈতিক এবং পারিবারিক জীবনে তার অবদান কী ছিল সে বিষয়ে আমরা অবগত। এমন একজন নারী বাংলাদেশে জন্ম নেওয়ায় গর্ব বোধ করি। বাংলাদেশের প্রতি তার ভালোবাসা স্মরণীয় হয়ে থাকবে।”
ফাইল ছবি
শেখ হাসিনা বলেন, শুভ্রা মুখোপাধ্যায়ের মতো একজন ‘ভালো মনের মানুষের’ মৃত্যুতে বাংলাদেশ শুধু ‘ভালো বন্ধুকেই’ হারায়নি, হারিয়েছে একজন শুভাকাঙ্ক্ষী।
প্রণব মুখোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, “এমন বিষাদের মুহূর্তে আপনি ও আপনার পরিবারের সদস্যরা যেন শোক কাটিয়ে উঠতে পারেন সে প্রার্থনাই করছি।”
পাশাপাশি শুভ্রা মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী।
