দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ১২ বছরে
দ্বাদশ বছরে পদার্পণ উপলক্ষে ‘এগিয়ে চল চট্টগ্রাম’ শিরোনামে নয় মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ।
সোমবার সন্ধ্যায় নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এ আয়োজন উদ্বোধন ও সংবাদপত্রটির নতুন লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের এ আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন।
তিনি বলেন, “প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নগরী চট্টগ্রাম। এ অঞ্চলের সবচেয়ে প্রাচীন নগরীও চট্টগ্রাম। বন্দর ও এর বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম এগিয়ে যেতে পারে।”
চট্টগ্রামের সম্ভাবনা বাস্তবায়নে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক হিসেবে ‘সুপ্রভাত বাংলাদেশ’ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রাম না এগোলো বাংলাদেশ এগোবে না। তাই সরকার চট্টগ্রামের উন্নয়নের বিভিন্ন প্রকল্প নিয়েছে।
“এ বছরই কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ শুরু হবে। লালখান-মুরাদপুর অংশে নির্মাণাধীন ফ্লাইওভারটি বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারিত হবে ।এসব অবকাঠামো উন্নয়ন হলে যে ব্যবসায়ীরা ঢাকায় চলে গেছেন তারা আবার চট্টগ্রামমুখী হবেন।”
অনুষ্ঠানে সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদও উপস্থিত ছিলেন।
যুগপূর্তিতে নয় মাসব্যাপী আয়োজন থাকছে সুপ্রভাত বাংলাদেশের।
তাদের এই আয়োজনের মধ্যে থাকছে- সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল চালু ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা বিষয়ক মুক্ত আলোচনা।
বছরের শেষ মাসে থাকছে ব্লু ইকোনমি নিয়ে একক বক্তৃতা, চট্টগ্রামের গান, শিশু উৎসব ও টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা।
২০১৬ সালের জানুয়ারিতে থাকবে চট্টগ্রামের বিনোদন ও পর্যটন নিয়ে আলোচনা, ওপেন এয়ার কনসার্ট ও চারুকলা প্রদর্শনী। ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে আলোকচিত্র প্রদর্শনী ও কিশোর উৎসবের পাশাপাশি ঢাকায় আয়োজন করা হবে প্রীতি সমাবেশ।
মার্চে থাকছে ফুড অ্যান্ড ফ্যাশন এবং এপ্রিলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠান।
