শরণার্থী শিবিরের অ্যাম্বুলেন্সে ৫০ হাজার ইয়াবা
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে কর্মরত একটি বেসরকারি সংস্থার অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটকরা হলেন অ্যাম্বুলেন্সের চালক সাইফুল আলম (৩২) ও একটি বেসরকারি সংস্থার নার্স শিখা রানী রায় (৪০)।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রবিউল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যায় বিজিবি-পুলিশ যৌথ চেকপোস্টে তাদের আটক করা হয়।
“শিখা রানী কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবাদানকারী এমএসএফ (হল্যান্ড) নামের বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত আছেন।”
তিনি ঢাকার সাভারের নয়ারহাট গোপীনাথপুর এলাকার পরিমল রায়ের মেয়ে এবং শফিউল আলম কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়া পালং গ্রামের মো. নজু মিয়ার ছেলে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
“অ্যাম্বুলেন্সটির মালিক কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকার সাইফুল কমিউনিটি সেন্টারের মালিক সাইফুল ইসলাম চৌধুরী। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।”
রবিউল ইসলাম জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট অতিক্রম করার সময় ‘সাইফুল কমিউনিটি সেন্টার-অ্যাম্বুলেন্স সার্ভিস’ লেখা একটি অ্যাম্বুলেন্সে বিজিবির সদস্যরা তল্লাশি চালায়।
“এ সময় একটি বস্তার ভিতর থেকে ৫টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে বিজিবি সদস্যরা ওই প্যাকেটগুলো খুলে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।”
“উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।”
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জব্দ করা অ্যাম্বুলেন্সসহ তাদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
অ্যাম্বুলেন্সের মালিক সাইফুল ইসলাম চৌধুরী জানান, অ্যাম্বুলেন্সটি এক বছরের জন্য চুক্তিতে দুই মাস আগে এমএসএফ (হল্যান্ড) নামের একটি এনজিও সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছে। সেটি বর্তমানে ওই এনজিও সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।
তাই অ্যাম্বুলেন্স নিয়ে ঘটন-অঘটনের দায়ভারও তাদের বলে মন্তব্য করেন তিনি।
