অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির সঙ্গে এটুআইয়ের সমঝোতা স্মারক
বাংলাদেশে ই-লার্নিং, ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট, ই-লিডারশিপসহ তথ্য-প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের সঙ্গে যৌথভাবে কাজ করবে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউয়ে সই করেন গ্রিফিথ ইউনিভার্সিটির প্রভাষক ড. ডেভিড টাফলে এবং এটু্আইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, “ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি উন্নয়নশীল দেশগুলোর কাছে একটি মনোযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও সম্প্রতি তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন।”
সাউথ সাউথ কো-অপারেশন জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম বিভিন্ন দেশের সরকার এবং সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এটুআইয়ের কর্মকর্তারা জানান, এ সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও ইনোভেশন নিয়ে গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ণ কর্মসূচি পরিচালিত হবে যা সরকারের বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের সেবাগুলোর জনগণের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে।
পাশাপাশি গ্রিফিথ বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলো তাদের একাডেমিক কোর্সে অন্তর্ভুক্তকরণ, উদ্ভাবিত ইনোভেশন লার্নিং প্রোগ্রামের উপর মাস্টার্স/ডিপ্লোমা ডিগ্রি প্রদান এবং তথ্য-প্রযুক্তির বিভিন্ন বিষয়ের উপর অষ্ট্রেলিয়ায় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে।
বাংলাদেশের অস্ট্রেলিয়ান দূতাবাসও এ প্রক্রিয়ায় সহযোগিতা করছে।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স লুচিন্ডা বেল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এমওইউ সইয়ের আগে এটুআই ও গ্রিফিত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সহযোগিতায় ‘লিডারশিপ ইন ইনোভেশন ফর সাউথ-সাউথ কো-অপারেশন' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
