২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের মারধরের ঘটনায় যুবক গ্রেপ্তার 

শোক দিবসের অনুষ্ঠানের জন্য চাঁদা না পেয়ে চাঁদপুরের কচুয়ার একটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 10:57 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

গ্রেপ্তার মোজাম্মেল হোসেন (২২) উপজেলার ভূঁইয়ারা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, রোববার দুপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর রাতে পূর্ব সহদেবপুর ইউনিয়নের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দে ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

তিনি বলেন, “মামলার পর আমরা একজনকে গ্রেপ্তারও করেছি এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”

শুক্রবার যুবলীগের কর্মী পরিচয়ে কয়েকজন যুবক শোক দিবসের অনুষ্ঠানের জন্য প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দের কাছে চাঁদা দাবি করেন। ওইদিন তিনি চাঁদা দিতে রাজি না হওয়ার শনিবার প্রধান শিক্ষক ও হল সুপার ফজলুর রহমানকে লাঞ্ছিত ও মারধর করে ওই যুবকরা।

এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রাঙ্গণে মানববন্ধনে দাঁড়ালে তাদের উপর হামলা করে ‘যুবলীগ’ কর্মীরা।

তবে হামলায় নিজ সংগঠনের কর্মীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন কচুয়া উপজেলা যুবলীগ আহ্বায়ক নাজমুল আলম স্বপন।

পুরনো খবর:

শিক্ষকের পর শিক্ষার্থীদেরও পেটাল ‘যুবলীগ’