২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার রাজীব হত্যা মামলায় ডিবির পরিচ্ছন্নতাকর্মীর সাক্ষ্য

গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ইস্কান্দার আলী (৫৬) ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 08:26 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদের আদালতে মামলাটির ‘জব্দ তালিকার’ অন্যতম এই সাক্ষী সাক্ষ্য দেন।

ইস্কান্দার আলী রাজীব হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের সময় গোয়েন্দা (ডিবি) কর্মকর্তাদের সঙ্গে ছিলেন।

বিচারক তার সাক্ষ্য নিয়ে এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ অগাস্ট দিন ধার্য করেছেন।

রাজীব হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের ৫৫ সাক্ষীর মধ্যে ইস্কান্দারকে নিয়ে এ পর্যন্ত ছয়জনের সাক্ষ্যগ্রহণ হল।

এর আগে গত ২১ মে তারিখে একই বিচারকের কাছে রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন এ মামলায় সাক্ষ্য দেন।

সাক্ষ্যে ঈস্কান্দার আলী বলেন, “তার একজন সহযোগী পরিচ্ছন্নতা কর্মী গোয়েন্দা পুলিশের নির্দেশে শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশের নর্দমা (ড্রেন) থেকে আসামি রুম্মান ও অনীকের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছোরা ও একটি চাপাতি তুলে এনে গোয়েন্দা পুলিশের কাছে দেন। এ সময় তিনি ঘটনাস্থলে হাজির থেকে বিষয়টি দেখেছেন।”

পরে আসামিদের আইনজীবীরা তাকে জেরা করা হয়।

শাহবাগ আন্দোলন শুরুর ১০ দিনের মাথায় ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীর পলাশনগরে বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।

এ ঘটনায় নিহতের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। তখন খুনিদের পরিচয় জানা না গেলেও পরে পুলিশের তদন্তে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।

২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিদের মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীম উদ্দিন রাহমানী রয়েছেন। অন্যরা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

অভিযোগপত্রে বলা হয়, মুফতি জসীম ঢাকার মোহাম্মদপুরে দুটি মসজিদে জুম্মার নামাজের আগে খুতবা দিতেন এবং তিনি ধর্মের বিরুদ্ধে লেখে এমন ব্লগারদের হত্যার ফতোয়া দিতেন।

আধুনিক শিক্ষার বিশ্ববিদ্যালয়টির এই শিক্ষার্থীরা ওই খুতবা শুনে এবং রাহমানীর বই পড়ে ‘নাস্তিক ব্লগারগারদের’ খুন করতে উদ্বুদ্ধ হন বলে অভিযোগপত্রে বলা হয়।

মামলার আসামিদের মধ্যে ফেনী জেলার দাগনভূঁইয়া থানার জয়লস্করের রেদোয়ানুল আজাদ রানা (৩০) পলাতক। এই বছর সংঘটিত অভিজিৎ রায়সহ অন্য ব্লগারদের হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবেও তার নাম এসেছে।