২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসের আয়োজন পণ্ডের অভিযোগ মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে

পাবনার ঈশ্বরদী উপজেলায় শোক দিবসের অনুষ্ঠান পণ্ড ও খাবার নষ্ট করার অভিযোগ উঠেছে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছোট ভাইয়ের বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 07:24 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

রোববার উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভে মন্ত্রীর ভাই আনিছুর রহমান শরিফের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুল হক মোল্লা।

তিনি বলেন, “মন্ত্রীর ভাইয়ের ক্যাডার বাহিনী পাঁচশ’ লোকের খাবার রাস্তায় ঢেলে নষ্ট এবং লুট করে নিয়ে গেছে।”

আনিসুল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ইউনিয়ন পরিষদের কার্যক্রম গ্রহণের চার বছর পূর্তি ও জাতীয় শোক দিবস উপলক্ষে এলাকাবাসী ও ইউপি সদস্যরা মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

“দুপুরের দিকে ওই অনুষ্ঠানে লোকজন আসতে শুরু করলে তারা বাধা দেয়। এছাড়া পিক-আপ ভ্যানে করে খাবার আনার সময় তারা খাবারগুলো রাস্তায় ঢেলে দিয়ে নষ্ট ও লুট করে নিয়ে যায়।” 

তিনি আরও বলেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছোট ভাই আনিছুর রহমান শরিফ ইউনিয়ন পরিষদে নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই তার সব ধরনের কার্যক্রমে বাধা সৃষ্টি করে আসছেন।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য জিয়াউল ইসলামও মন্ত্রীর ভাইয়ের সঙ্গে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয় জিয়াউল ইসলাম বলেন, “ঘটনা সম্পর্কে আমার কিছুই জানা নেই। তবে চেয়ারম্যান স্থানীয় লোকজনকে চা-কফি খাওয়ানোর দাওয়াত করেছেন।”

ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে ভূমিমন্ত্রীর ভাই আনিছুর রহমান শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের ঘটনা আমার জানা নেই। আমার লোকজন এমন কাজ করতে পারে না।”

অন্য কেউ দাওয়াত না পেয়ে এ ধরনের কাজ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত কিছু বলতে পারছি না।

“আমাদের লোক সেখানে রওয়ানা হয়েছে। তারা পৌঁছালে বিস্তারিত বলতে পারব।” 

</div>  </p>