মানবাধিকার কমিশনকে পাশে চাই: স্পিকার
মানবাধিকার রক্ষায় কৌশলগত পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নে জাতীয় মানবাধিকার কমিশনের পরামর্শ চেয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার জাতীয় মানবাধিকার কমিশনের দ্বিতীয় পঞ্চবার্ষিক কৌশল পরিকল্পনা (২০১৬-২০২০) এর পরামর্শ সভায় তিনি এ আহ্বান জানান।
সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্পিকার বলেন, “মানবমর্যাদা সমুন্নত রাখতে মানবাধিকার রক্ষা করে একটি শোষণহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জাতীয় মানবাধিকার কমিশন ও সরকারকে একযোগে কাজ করতে হবে।
“জাতীয় মানবাধিকার কমিশনকে শুধু কৌশলগত পরিকল্পনা তৈরি করলেই চলবে না, মানবাধিকার রক্ষায় এ সকল পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে বাস্তবধর্মী পরামর্শও দিতে হবে।”
বক্তব্যে এমডিজি অর্জনে নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার ও মাতৃ মৃত্যুহার হ্রাস, নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশে বিশ্বে অনন্য স্থান অর্জন করে নিয়েছে বলে জানান স্পিকার।
তিনি বলেন, “এই অর্জন ধরে রাখতে হলে একযোগে কাজ করতে হবে।”
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিচারপতি দারমার মুরুগেসান, নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিচারপতি প্রকাশ চন্দ্র শর্মা অস্তি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর রবার্ট ডি ওয়াটকিনস বক্তব্য রাখেন।
