লাশ দেখতে গিয়ে লাশ হলেন ২ নারী
আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ি গিয়ে ফেরার সময় যশোরের ঝিকরগাছায় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক জন।
শনিবার সকালে উপজেলার বল্লা গ্রামে ঝিকরগাছা-বাঁকড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিওরদা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক সিরাজুল ইসলাম।
নিহতরা হলেন, ওই গ্রামের আবুল কাসেমের স্ত্রী সখিনা খাতুন (৫৫) ও মৃত দুখে মোড়লের স্ত্রী কোহিনূর বেগম (৬০)।
আহত আরেক নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি ভাংচুর এবং ঝিকরগাছা-বাঁকড়া সড়ক অবরোধ করে রেখেছে বলে জানান এসআই সিরাজুল
তিনি বলেন, সকালে এক আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে একই গ্রামের কলোনিপাড়া এলাকায় তার বাড়ি গিয়েছিলেন এ তিন নারী। ফেরার পথে ঝিকরগাছা-বাঁকড়া সড়ক পার হওয়ার সময় বালি বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সখিনা ও কোহিনূর নিহত হন।
দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক ভাংচুর ও ওই সড়ক অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে বলে জানান শিওরদা পুলিশ ফাঁড়ির এ ইনচার্জ।
