২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বর্তী সরকার নিয়ে হাই কোর্টের পর্যবেক্ষণ অযাচিত: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

উচ্চ আদালতের এক রায়ে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে পর্যবেক্ষণকে ‘অযাচিত’ আখ্যায়িত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 08:37 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

তিনি বলেন, “বিচারপতিরা বলেছেন, পাঁচ বছরের মধ্যে নির্বাচিত সরকার চার বছর দেশ চালাবে, শেষ বছর বিরোধী দল নাকি দেশ চালাবে।

“বিচার হয়েছে, ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা বৈধ কি বৈধ নয়- তা নিয়ে। তাদের বৈধ বলার পর অযাচিতভাবে কিছু বিষয়ের অবতারণা করেছেন (বিচারপতিরা)।

শুক্রবার দুপুরে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।

বিরোধী জোটের বর্জনের কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা, যা নিয়ে হাই কোর্টে দুটি রিট আবেদন হয়।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ ২০১৪ সালের ১৯ জুন রিট আবেদন দুটি খারিজ করে দেয়। এ সপ্তাহে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

হাই কোর্টের ওই রায়ের পর্যবেক্ষণে আগামী দুটি সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে দুটি ‘বিকল্প’ দেওয়া হয়েছে।

প্রথমটিতে বলা হয়েছে- বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যদের নিয়ে ৫০ সদস্যের নির্বাচনকালীন নতুন মন্ত্রিসভা হতে পারে। সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ৯০ দিন আগে থেকে ওই মন্ত্রিসভা দায়িত্ব নিতে পারে।

অপর বিকল্পে হাই কোর্ট বলেছে, সংখ্যাগরিষ্ঠ দল প্রথম চার বছর ক্ষমতায় থাকবে। আর সংসদের প্রধান বিরোধী দল শেষ বছর সরকারের দায়িত্বে থাকবে। তবে এক্ষেত্রে প্রধান বিরোধী দলকে সংখ্যাগরিষ্ঠ দলের অন্তত অর্ধেক ভোট পেতে হবে।

অবশ্য এ জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে বলেও রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছে হাই কোর্ট।

আ ক ম মোজাম্মেল বলেন, “আমরা আশা করি, বিচার বিভাগ এব্যাপারে সচেতন থাকবেন। অযাচিতভাবে দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টির জন্য এধরনের বিচার কার্য বা এসমস্ত রায় দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে বিরত থাকবেন।”

গাজীপুরের ছয়দানা মালেকের বাড়ি (হারিকেন কারখানা) এলাকায় মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী।

মন্ত্রী বলেন, সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বাস্তবায়নকারীদের বিচার হয়েছে। কিন্তু যারা চক্রান্তকারী তাদের বিচার এখনো হয়নি।

“বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার সে ব্যাপারে ব্যবস্থা নিবেন।”

গরু বিতরণ

আলোচনা সভার পর গাজীপুর নগরীর বিভিন্ন ওয়ার্ডে শোক দিবসের অনুষ্ঠানে গণভোজের জন্য লটারির মাধ্যমে ৯৯টি গরু বিতরণ করা হয়।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় শোক দিবসের মিলাদ ও গণভোজ উপলক্ষে স্থানীয়ভাবে চাঁদাবাজি বন্ধ করতে তিনি নিজে এই উদ্যোগ নিয়েছেন।