রোববার স্কুলে যাবে মাহির, শঙ্কা কাটেনি পরিবারের
স্কুল শিক্ষক বাবার বদলি নিয়ে ক্ষুব্ধ স্থানীয় সাংসদের ‘রোষের’ মুখে পড়ে স্কুলছাড়া হওয়ার প্রায় আড়াই মাস পর ফের ভর্তি হতে রোববার স্কুলে যাচ্ছে ময়মনসিংহের গৌরীপুরের মুতাসিম মাহির।
গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ‘ফার্স্টবয়’ মাহির গত ২১ মে স্কুল থেকে ছাড়পত্র পাওয়ার পর অন্য দুটি স্কুলে তাকে ভর্তি করাতে গিয়ে ব্যর্থ হন বাবা-মা।
মাহির বাবা গৌরীপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ফেরদৌসের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান ফকিরের নির্দেশে তার ছেলেকে ভর্তি করেনি স্কুল কর্তৃপক্ষ।
সাংসদের অনুমতি না নিয়ে গৌরীপুরের ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পৌর মডেল স্কুলে বদলি হওয়ায় তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগ ফেরদৌসের।
তিনি বলছেন, গত ৩১ মার্চ বদলির আদেশ হলেও সাংসদের আপত্তিতে এতদিন তিনি নিজেও কাজে যোগ দিতে পারেননি। এর মাঝে তাকে ধরে নিয়ে মারধরও করা হয়েছে।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গত সোমবার জেলা শিক্ষা কর্মকর্তাকে ফোন করে মাহিরকে যে কোনো স্কুলে ভর্তি এবং ফেরদৌসের পৌর মডেল স্কুলে যোগ দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন।
ফেরদৌস শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“মন্ত্রী মহোদয়ের নির্দেশ দেওয়ায় রোববার আমি স্কুলে যোগ দিতে যাব। মাহিরকেও ওই দিন স্কুলে ভর্তি করার পরিকল্পনা রয়েছে।”
মাহির মা রোজী সুলতানা গৌরীপুর পৌর মডেল স্কুলেরই সহকারী শিক্ষিকা।
সাংসদের সঙ্গে পরিবারের দ্বন্দ্বে তিনিও নিরাপত্তাহীনতা বোধ করছেন বলে জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা অভিযোগ করেছেন।
শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন প্রাথমিক শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাসেম।
ভুক্তভোগী ফেরদৌস, তার স্ত্রী রোজী এবং তাদের ছেলে মাহিরও এ সময় উপস্থিত ছিলেন। ফেরদৌস গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক বলেন, “এমপি মুজিবুর রহমান ফকিরের অনুমতি ছাড়া প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ফেরদৌস গৌরীপুর পৌর মডেল প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসায় ক্ষুব্ধ হয়ে তাকে ধরে এনে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
“পরে দুটি এসি দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয় এমপির কথিত নির্যাতন সেল কলতাপাড়া সেবালয় থেকে। এই শিক্ষক দম্পতিকে বার বার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”
এছাড়া প্রাথমিক শিক্ষক সমিতির গৌরীপুর উপজেলা শাখার কার্যালয় দখল করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন আবুল কাসেম।
তিনি বলেন, সংবাদ সম্মেলনের পরে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষক সমিতির নেতারা, যাতে শিক্ষক ফেরদৌসের পরিবারের নিরাপত্তা ও উপজেলা শিক্ষক সমিতির কার্যালয় উদ্ধারে হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এমপি মুজিবুর রহমান ফকিরের কয়েকজন সমর্থক গত ৫ জুন রাস্তায় ফেরদৌসের উপর আক্রমণ করেন। ধরে নিয়ে একটি ঘরে আটকে মারধরের পাশাপাশি তার মোবাইল ফোন, পাঁচ হাজার টাকা ও মটরসাইকেল কেড়ে নেওয়া হয়। পরে এমপির অফিসে দুটি এসি দেওয়ার শর্তে ওই দিন ছাড়া পান তিনি।
এরপর গত ৭ জুলাই ফেরদৌস দুটি এসি দিয়ে এলেও মটরসাইকেল ফিরে পাননি।
উদ্ভূত পরিস্থিততে ৩ আগস্ট গৌরীপুর থানায় সাংসদের চারজন সমর্থকের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন ফেরদৌস।
ওই মামলার দুই আসামিকে এরইমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের মধ্যে এমপির খুব ঘনিষ্ট হিসেবে পরিচিত একজনকে এরইমধ্যে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর আশ্বাসে ‘ভরসা’ পেলেও এখনও নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে জানান তিনি।
এ বিষয়ে বক্তব্যের জন্য এমপি মুজিবুর রহমান ফকিরকে কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এই শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার নেতারা বলেছেন,দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনে যাবেন তারা।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জাহান আরা খানমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
