২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পেটানোর অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে সাংবাদিক পেটানোর অভিযোগে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 08:01 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বৃহস্পতিবার রাতে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররোখ বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন বলে সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান।

আসামিরা হলেন- জয়পুরহাট জেলা ছাত্রলীগের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফিজু, সদস্য অপু, আলমগীর, সরকারি কলেজের জুবিলী হল শাখা ছাত্রলীগের আহবায়ক আবু তাহের, যুগ্ম আহবায়ক রাকিব, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মিলন, পৌর ছাত্রলীগ নতুনহাট শাখার যুগ্ম আহবায়ক সাগর, জয়পুরহাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগকর্মী আব্দুল মোমিন।

মোস্তাকিম ফাররোখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে চিত্রা রোড এলাকার তার বাড়ির সামনে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী অশালীন বাক্য বিনিময় করছিল।

“এতে বাধা দিলে তারা আমাকে মারপিট করেন। স্থানীয়রা এগিয়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের হত্যার হুমকি দেন।”

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক রেজা ও অভিযুক্তরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা ওই পথ দিয়ে যাওয়ার সময় মোস্তাকিমের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় তিনি নেতাকর্মীদের ছবি তুলে তা প্রকাশ করা হবে বলে হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলীর মধ্যস্থতায় বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা হয় বলে জানান তারা।