২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় মেজবান

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তাদের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 07:40 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবরে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন ও দোয়া মাহফিলেরও আয়োজন করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।

আয়োজকরা জানান, শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ ও বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১১টার দিকে খাবার পরিবেশন শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

কলেজ মাঠের আয়োজনে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, সাদা ভাত, ছোলার ডাল দিয়ে লাউ আর নলির ঝোল।

বালাডাঙ্গা মুসা উচ্চ বিদ্যালয়ের মাঠে সনাতনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মুরগির কোর্মা, খাসির মাংস ও সাদা ভাত দিয়ে আপ্যায়ন করা হবে।

আগতদের আপায়্যান করবেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগর আওয়ামী লীগের একটি দল।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর এপিএস ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ মাঠে প্রায় ২৮ হাজার এবং স্কুল মাঠে ৮ হাজারের কিছু বেশি লোকের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে।

খাবারের আয়োজন সম্পর্কে ‍তিনি বলেন, মোট ১০৭ মণ ওজনের ২৫টি গরু, সাতটি খাসি ও দেড় হাজার মুরগি রান্না করা হয়। গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার লোকজন মেজবানে অংশ নিবেন।

“মেজবান আয়োজনের জন্য গত বুধবারই চট্টগ্রাম থেকে দলীয় নেতাদের নেতৃত্বে বাবুর্চিসহ ২০ সদস্যের একটি দল টুঙ্গিপাড়ায় পৌঁছায়।”

ওসমান গনি  আরও জানান, শোক দিবসের দিন সারাদেশ থেকে মানুষ জাতির জনকের কবর জিয়ারত করতে আসেন। তাদের খাবারের ব্যবস্থা করার জন্যই মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এখানে মেজবানের আয়োজন হয়ে আসছে।

“এক এগারোর সরকারের সময় মহিউদ্দিন চৌধুরী জেলে থাকাকালে এ আয়োজন হয়নি। ওই বিরতি বাদ দিয়ে এবারসহ ১৩ বার মেজবান অনুষ্ঠিত হচ্ছে,” বলেন ওসমান গনি।

এর আগে শুক্রবার সকালে এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির জনকের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। বাদ জুম্মা দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

এ সময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতা সুনীল সরকার, শফিক আদনান, আব্দুল আহাদ, আবু তাহের, অমল মিত্র, নজরুল ইসলাম বাহাদুর, মো.বেলাল উদ্দিন, হাবিবুর রহমান হাবিবসহ সাড়ে তিনশ নেতা কর্মী উপস্থিত ছিলেন।