২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীকে মারধর: সাংসদ বদির শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

উখিয়ায় প্রকৌশলীকে মারধরের প্রতিবাদে সংসদ সদস্য আব্দুর রহমান বদির শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে প্রকৌশলীদের একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মাববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম।

সমাবেশে পরিষদের সভাপতি প্রকৌশলী মো. হারুন বলেন, প্রকৌশলীর গায়ে হাত তুলে সাংসদ সব শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে গেছেন। এর আগেও তিনি শিক্ষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে একই আচরণ করেছেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, একের পর এক অসংযত আচরণ করলেও সাংসদ তা নিয়ে অনুতপ্ত নন। একজন আইনপ্রণেতা হয়ে তিনি পেশাজীবীদের এভাবে হেনস্তা করতে পারেন না।

বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সভা চলাকালে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদি উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোস্তফা মিনহাজকে গালাগালির পর মারধর করেছেন বলে তিনি অভিযোগ করেছেন।

সমাবেশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, সাংসদ বদি স্বভাবগতভাবেই অসংযত। গণবিরোধী অনেক কর্মকাণ্ডের অভিযোগও তার বিরুদ্ধে আছে।

“এর আগেও এক প্রকৌশলীকে লাঞ্ছিত করে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। এবারও তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। তা না হলে প্রকৌশলীরা অন্য পেশাজীবীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।”

পরিষদের সাধারণ সম্পাদক সাদেক মো. চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রকৌশলী নেতা এম আলী আশরাফ, রশিদ আহমদ চৌধুরী, চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক রফিকুল আলম ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সম্মানীয় সদস্য উদয় শেখর দত্ত।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার সেন ও প্রবীর কুমার দে, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার দাশ ও পিডব্লিউডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সজল বিশ্বাস।

সমাবেশে সংহতি প্রকাশ করেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।

পুরনো খবর:

প্রকৌশলীকে পেটালেন এমপি বদি