২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি আর ওই মাদ্রাসায় পড়ব না’

নওগাঁ সদরে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে সুপারের বিরুদ্ধে।

সাদেকুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 06:36 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

এক সপ্তাহ আগে পিটুনির শিকার লিটন হোসেন (১৩) এনায়েতপুর দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র এবং এনায়েতপুর গ্রামের বাসিন্দা মোটর শ্রমিক খয়বর আলীর ছেলে।

লিটনের স্বজনরা জানান, শরীরে প্রচণ্ড ব্যথা ও জ্বর নিয়ে লিটন এখন বাড়িতে শয্যাশায়ী। সে আর ওই মাদ্রাসায় পড়বে না বলে জানিয়েছে।

লিটনের বাবা খয়বর আলী জানান, গত শনিবার লিটন মাদ্রাসায় যায়। দুপুরে বিরতির সময় মাদ্রাসার সামনে গ্রামের এক ছেলের সঙ্গে কথা বলার সময় সুপার নাজমুল হক তাকে নামাজে যেতে বলেন।

“এর বিছুক্ষণ পর সুপার নাজমুল হক বাঁশের লাঠি দিয়ে লিটনকে পেটাতে থাকেন। এক পর্যায়ে সময় লিটন মাটিতে লুটিয়ে পড়লেও সুপার তাকে পেটাতে থাকেন।”

মারধরে লিটনের পিছনের অংশ এবং দুই পায়ে কালো দাগ পড়েছে বলে জানান খয়বর।

এ ঘটনার বিচার চেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখিতভাবে আবেদন জানালেও এখনও সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি।

লিটন সাংবাদিকদের বলে, “স্যার বিনা কারণে আমাকে অনেক মেরেছেন। আমি আর ওই মাদ্রাসায় পড়ব না।”

লিটনের মা কাজলী বলেন, “ছেলের চিৎকার শুনে আমি বাড়ি থেকে ছুটে গিয়ে তাকে উদ্ধার করি। আমি না গেলে তাকে আরও মারধর করত সুপার।”

ছেলেক নওগাঁ হাসপাতালে নিয়েছিলেন বলে জানিয়ে তিনি বলেন, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়ানো হচ্ছে।

“ছেলে প্রচণ্ড জ্বর আর ব্যথায় সারারাত কাতরায়, ভুল বকে।”

সে সুপারের ভয়ে আর ওই মাদ্রাসায় পড়বে না বলে জানিয়েছে, বলেন তিনি।

এদিকে লিটনকে পেটানোর কথা স্বীকার করে সুপার নাজমুল হক জানান, “নামাজ পড়তে না যাবার কারণে তাকে লাঠি দিয়ে কয়েকটি বাড়ি মেরেছি।”

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক জানান, “সুপারের বিরুদ্ধে মারপিটের অভিযোগ পেয়েছি। রোববার পরিচালনা কমিটির সভায় তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।”

নওগাঁ সদর উপজেলা শিক্ষা অফিসার অসিউর রহমান বলেন, “মারপিট তো দূরের কথা, শিশুরা মনে কষ্ট পায় এমন কিছুও করা যাবে না।”

রোববার সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।