২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

গাজীপুর থেকে অপহরণের দুই দিন পর এক শিশুকে নীলফামারীর ডিমলায় উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তারও করা হয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 04:53 PM

Updated : 26 Jul 2022, 12:04 PM

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে ভারতে পাচারের সময় সীমান্তবর্তী পূর্ব ছাতনাই ইউনিয়নের পূর্বছাতনাই কলোনির একটি বাসায় অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া আব্দুর রহমান রিয়াদ (৫) গাজীপুরের জয়দেবপুর উপজেলার বোর্ড বাজার কোলেমশ্বর এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

আটকদের একজন হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার বকদুলঝুলা চটিপাড়া গ্রামের হামির উদ্দিন মুন্সির ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৫)।

র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, গত মঙ্গলবার (১১ অগাস্ট) রিয়াদকে তার বাড়ি থেকে কৌশলে অপহরণ করে জাহিদ ও তার সহযোগী এক নারী।

এরপর মোবাইলে রিয়াদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা না দিলে রিয়াদকে ভারতে বিক্রি করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় বলে রিয়াদের পরিবারের লোকজন জানিয়েছেন, বলেন আকরামুল হোসেন ।

এ ঘটনায় রিয়াদের বাবা আবুবক্কর সিদ্দিক ওইদিনই জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে তা  র‌্যাবকে জানান।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিয়াদসহ তাদের পুলিশে  হস্তান্তর করা হয়েছে বলে জানান  আকরামুল হোসেন।