২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় শিবিরকর্মীসহ ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে ইসলামী ছাত্র শিবিরের কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 02:35 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, শুক্রবার সকালে ঢেমশা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লিয়াকত আলী, মো. ফারুক, সাইফুল ইসলাম, মো. আরাফাত ও মঈনুল ইসলাম। তাদের বয়স ২৬ থেকে ১৮ বছরের মধ্যে।

ওসি ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢেমশা এলাকার একটি মসজিদে শুক্রবার শিবিরকর্মীরা গোপন বৈঠক করবে খবর পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ। সকালে ওই পাঁচজন সেখানে গেলে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।”

পাঁচজনের কাছ থেকে বেশ কিছু ‘জিহাদি বই ও রাষ্ট্রবিরোধী লিফলেট’ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারদের মধ্যে লিয়াকত, ফারুক, ও সাইফুল ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। আরাফাত ও মঈনুল তাদের অনুসারী।”

১৫ অগাস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে শিবিরকর্মীরা নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের আয়োজন করেছিল কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।