নিলয় হত্যা: নাহিন ও রানাকে রিমান্ডে চায় পুলিশ
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার সাদ আল নাহিন ও মাসুদ রানাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই যুবককে শুক্রবার দুপুরে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই দীপক দে জানান।
পুলিশ বলছে, বৃহস্পতিবার ঢাকার উত্তরা থেকে নাহিন এবং মিরপুরের কালশী থেকে রানাকে গ্রেপ্তার করা হয়। তবে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা নাহিনকে পাঁচ দিন আগে পুলিশ পরিচয়ে উত্তরায় তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি।
জাহাঙ্গীর আলম সরকার বলেন, “গ্রেপ্তাররা আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য। তারা ব্লগার আসিফ মহীউদ্দিন হত্যা চেষ্টা মামলার আসামি ছিলেন। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর গোয়েন্দা পুলিশ তাদের নজরদারিতে রেখেছিল।”
ব্লগার নিলয় হত্যার বিষয়ে তাদের কাছে তথ্য পাওয়া যাবে ধারণা করেই নাহিন ও রানাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হচ্ছে বলে জাহাঙ্গীর আলম জানান।
গত ৭ অগাস্ট ঢাকার গোড়ানে ব্লগার নিলয়ের বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। চার যুবক ওই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে নিলয়ের স্ত্রী ও শ্যালিকা পুলিশকে জানিয়েছিলেন।
নাহিন ও রানাও ওই চারজনের মধ্যে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুল আলম এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আমাদের কাছেও কিছু তথ্য রয়েছে, আমরা এদের জিজ্ঞাসাবাদ করে তা যাচাই-বাছাই করব।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র নাহিনের বাবা নজরুল হক কিশোরগঞ্জের একটি স্কুলের শিক্ষক। তিনি কিশোরগঞ্জের তাড়াইলের দাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
২০১৩ সালে উত্তরায় ব্লগার আসিফ মহীউদ্দিনের উপর হামলার পর নাহিন গ্রেপ্তার হয়েছিলেন। এক বছরের বেশি সময় কারাবাসের পর তিনি জামিনে ছাড়া পান।
ওই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাহিন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। তারা কয়েকজন ব্লগার আসিফ মহীউদ্দিনকে হত্যা করতে চেয়েছিলেন বলে স্বীকার করেন।”
