২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মা ও ছেলের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক বাড়ি থেকে এক গৃহবধূ ও তার ছয় মাসের ছেলের লাশ উদ্ধার হয়েছে; ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 12:24 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

শুক্রবার সকাল ৯টার দিকে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে নাসিরনগর থানার ওসি আবদুল কাদের জানান।

মৃত ফারজানা আক্তার (২২) দুবাই প্রবাসী নূর উদ্দিনের স্ত্রী। তাদের ছেলে শফিকুল ইসলামের বয়স ছিল ছয় মাস।

ওসি বলেন, “বাড়ির পাশের একটি পেয়ারা গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফারজানার লাশটি পাওয়া যায়। আর বাড়ির ভেতরে শোবার ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।”

ঘটনার পর থেকে ফারজানার স্বামী নূরু উদ্দিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছেন না বলে জানান ওসি।

তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হয়েছে, ওই নারী সম্ভবত আত্মহত্যা করেছেন। তবে শিশুটিকে কেউ শ্বাসরোধে হত্যা করেছে।”

স্থানীয়রা পুলিশকে বলেছেন, দুবাই প্রবাসী নূর উদ্দিন কিছুদিন আগে দেশে আসেন। শনিবার তার আবার দুবাই ফিরে যাওয়া কথা রয়েছে।

এলাকাবাসী সকালে গাছে ফারজানার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘরের ভেতরে বিছানার ওপর তার ছেলের লাশও পায়।  

ময়নাতদন্তের জন্য লাশ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।