মঞ্জুর হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল আবার পেছাল
মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রাষ্ট্রপক্ষ আবার সময় নিয়েছে, যে মামলাটিতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদও আসামি।
আলোচিত মামলাটি রায়ের পর্যায়ে যাওয়ার পর ফের যু্ক্তিতর্ক শুনানিতে আসার পর অধিকতর তদন্তের আদেশ হয়েছিল। তার প্রতিবেদন দাখিলে পেরিয়ে যাচ্ছে একের পর এক তারিখ।
অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার অষ্টমবারের মতো সময় চাইলে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম আগামী ১২ নভেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছেন।
আসামি সাবেক রাষ্ট্রপতি এরশাদের পক্ষ থেকে বা জাতীয় পার্টির পক্ষ থেকে বার বার সময় নেওয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তার শেখ সিরাজুল ইসলাম বলছেন, বিচারে বিলম্ব উদ্দেশ্যমূলক।
মামলাটির অধিকতর তদন্ত করছেন সিআইডির বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে মামলাটির বিচার চলছে।
মামলা দায়েরের ১৯ বছর পর গত বছরের ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ঠিক হয়েছিল। কিন্তু রায়ের ১৩ দিন আগে বিচারক পরিবর্তন হওয়ায় নতুন করে যুক্তিতর্ক শুনানির আদেশ হয়।
তার মধ্যেই রাষ্ট্রপক্ষের আবেদনে গত বছরের ২৭ ফেব্রুয়ারি অধিকতর তদন্তের আবেদন বিচারকের সায় পায়। এরপর থেকে সময় বাড়ানোর আবেদন জানিয়ে যাচ্ছে রাষ্ট্রপক্ষ।
এই মামলায় এরশাদের সঙ্গে অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়াও বিচারের মুখোমুখি। আসামিরা সবাই জামিনে রয়েছেন।
পাঁচ আসামির মধ্যে হাই কোর্টের নির্দেশে স্থগিত আছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল লতিফ ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শামসের বিচার।
চট্টগ্রামে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ১৯৮১ সালের ১ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি জেনারেল মঞ্জুরের বড় ভাই আবুল মনসুর আহমেদ বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।
ওই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা কাহহার আকন্দ।
