বঙ্গবন্ধুকে রাজনীতির ঊর্ধ্বে রাখুন: তারানা হালিম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক আলোচনা সভায় তিনি বলেন, “আপনারা যারা সরকারি চাকরি করেন, তারা রাজনীতি করতে পারেন না। কিন্তু বঙ্গবন্ধু আমাদের রাজনীতির উর্ধ্বে, তিনি কোনো দলের নয়, তিনি আমাদের সকলের। তিনি আমাদের জাতির পিতা। তাকে যথাযথ সম্মান দিলেই তবে তার কৃতজ্ঞতা স্বীকার করা হয়।
“তাই জাতির পিতার অবদানের সাথে ও জাতির পিতার সাথে অকৃতজ্ঞতা করবেন না। আসুন সবাই মিলে আমরা লক্ষ মানুষের রক্তের মাধ্যমে অর্জিত বাংলাদেশের আবির্ভাব সার্থক করে তুলি।”
তারানা হালিম (ফাইল ছবি)
আলোচনা সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আমরা যারা পঁচাত্তরের পর জন্মগ্রহণ করেছি সবার কৈশোর, শৈশবে আমাদের মানসপটে বঙ্গবন্ধু অনুপস্থিত। বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে উপস্থাপন না করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। কারণ তার দেশপ্রেম, ভালোবাসার কাছে ষড়যন্ত্রকারীরা অসহায় ছিলেন।
“অনেকেই মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, চীন, ভারতের উদাহরণ দেন। সেসব দেশে যারা দেশকে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন তারা অন্তত দুই দশক রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু পেয়েছিলেন মাত্র সাড়ে তিন বছর। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আজ আমরা উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হতাম।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
