কেরানীগঞ্জে বাসচাপায় অটোচালক নিহত
ঢাকার কেরানীগঞ্জে বাসচাপায় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
নিহত মোশারফ হোসেন (৪৫) ঢাকার নবাবগঞ্জ থানার বাহ্রা ইউনিয়নের বড় বলমন্তচর গ্রামের আলম ব্যাপারীর ছেলে।
বুধবার বিকালে উপজেলার নেকরোজবাগ এলাকার ডায়মন্ড মেলামাইন ইন্ড্রাস্ট্রিজ সংলগ্ন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবুর রহমান জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে মোশারফ নবাবগঞ্জ থেকে কদমতলি যাওয়ার সময় নেকরোজবাগ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এন মল্লিক পরিবহনের একটি বাস তার গাড়িকে চাপা দেয়।
স্থানীয়রা মোশারফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করে, তবে চালক পালিয়ে যায়।
রাতে স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মোশারফের লাশ হস্তান্তর করা হয় বলে ওসি মজিবুর রহমান জানান।
নিহতের ছোট বোনের ছেলে মো. জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মামা তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার ছোট দুটি মেয়ে স্কুলে পড়ে। এই ঘটনায় পরিবারটি বড় ধরনের বিপদে পড়ল।”
বৃহস্পতিবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মোশারফকে দাফন করা হবে জানান তিনি।
