সমিতির নির্বাচনের দাবিতে ওষুধ ব্যবসায়ীদের বিক্ষোভ
‘বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির’ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পুরান ঢাকার মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীরা।
বুধবার সকালে মিটফোর্ড বাবুবাজার এলাকায় তিন শতাধিক ওষুধ ব্যবসায়ী দুই ঘণ্টা বিক্ষোভ মিছিল করেন এবং বাবুবাজার মাজারের কাছে প্রতিবাদ সভা করেন।
নির্বাচনের দাবিতে ওষুধ ব্যবসায়ীরা গঠন করেছে ‘বাংলাদেশ ওষুধ ব্যবসায়ী সংগ্রাম পরিষদ’ নামে একটি সংগঠন।
প্রতিবাদ সভায় সংগঠনের আহ্বায়ক মো. শমসের আলম ভূঁইয়া জানান, ১৯৭৪ সালে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি গঠন করা হয়। সংগঠনটি প্রথম সভাপতি ছিলেন হাজী সৈয়দ আলী।
“পরে আরও তিনটি নির্বাচন হয়। কিন্তু ১৯৯৫ সাল থেকে সমিতির আর কোনো নির্বাচন হয়নি। ফলে সারাদেশে প্রায় সাত হাজার ওষুধ ব্যবসায়ী নানা ধরনের সাংগঠনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।”
শমসের জানান, নির্বাচন চেয়ে একটি মামলা থাকায় সাবেক সভাপতি সাদেকুর রহমান নির্বাচন দেবেন বলে সদস্যদের জানালেও ২০০২ সালে মামলাটি নিষ্পত্তি হওয়ার পর আর নির্বাচন দেননি।
সাদেকুর রহমান নির্বাচন না দিয়ে নিজেই দলবল নিয়ে সমিতির সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন বলেও অভিযোগ করেন তিনি।
“২০০২ সালে মামলাটি নিষ্পত্তি হয়ে যাওয়ার পর সভাপতি সাদেকুর রহমান নিজের পদে থাকার জন্য আরেকটি রিভিশন মামলা করেন। ওই মামলাটিও ২০০৬ সালে নিষ্পত্তি হয়ে যায়।”
পরবর্তীতে নির্বাচন সম্পন্ন করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামকে গত ১০ মার্চ প্রশাসক হিসেবে নিয়োগ দেন বলে জানান শমসের।
অচিরেই নির্বাচনের দাবিতে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করা হবে জানিয়ে মো. মেহেদী নামে ওই সংগঠনের আরেক সদস্য বলেন, “সামনে ওষুধের দোকান বন্ধ রাখার মতো কর্মসূচি দেওয়া হবে।”
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান সচিব মো. আব্দুল কাসেম বলেন, “আমরাও দ্রুত নির্বাচন চাই।”
নির্বাচন ছাড়া একটি সংগঠন সঠিকভাবে চলতে পারে না।”
