কর্মস্থলে না থাকায় ৩৫ অধ্যক্ষকে ‘শো-কজ’
কর্মস্থলে অনুপস্থিত, ছুটিতে থাকা ও ফোন বন্ধ থাকায় পলিটেকনিক ইন্সটিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৩৫ জন অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় বুধবার এক আদেশে এসব অধ্যক্ষের কর্মস্থলে অনুপস্থিতি, ছুটিতে যাওয়ার কারণ এবং ফোন ও মোবাইল কেন বন্ধ ছিল, সে বিষয়ে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে ব্যাখ্যা পাঠাতে বলেছে।
কর্মস্থলে অনুপস্থিতির জন্য ২১ জন, ছুটিতে থাকায় তিন জন এবং ফোন বন্ধ থাকায় ১১ অধ্যক্ষ কারণ দর্শানোর নোটিস পেয়েছেন।
আদেশে বলা হয়েছে, গত ১০ অগাস্ট সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের অবস্থান নিশ্চিত হতে অফিস টেলিফোনে তথ্য সংগ্রহ করা হয়।
