২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের আদেশ গেল একাত্তর টিভিতে

বিচারাধীন বিষয় নিয়ে একাত্তর টেলিভিশনে ১০ অগাস্ট সম্প্রচারিত খবর ও আলোচনা অনুষ্ঠানের ভিডিও আদালতে দাখিল করতে দেওয়া আদালতের আদেশ বেসরকারি টেলিভিশন স্টেশনটির কাছে পৌঁছে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 10:07 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মাহবুবে আলম বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের আদেশসহ একটি চিঠি একাত্তরের বার্তা সম্পাদক ও প্রযোজক বরাবরে আমার পিএসকে দিয়ে পাঠিয়ে দিয়েছি।”

এই আদেশটি একাত্তর টিভিকে পৌঁছে দিতে মঙ্গলবার সর্বোচ্চ আদালত অ্যাটর্নি জেনারেলকে বলেছিল। ১৬ অগাস্টের মধ্যে সম্প্রচারিত খবর ও আলোচনা অনুষ্ঠানের ভিডিও এবং সেখানে শোনানো দুই বিচারকের কথোপকথনের অডিও টেপ আপিল বিভাগে দাখিল করতে মঙ্গলবার আদেশ হয়।

জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার একটি রুলের শুনানি চলার মধ্যে একাত্তর টেলিভিশনকে এই আদেশ দেওয়া হয়।

সোমবার আপিল আদালতের বৃহত্তর বেঞ্চে ওই মামলার শুনানিতে জনকণ্ঠের আইনজীবী একটি অডিও রেকর্ডের শ্রুতিলিখন উপস্থাপন করেন, যা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলা এবং মওদুদ আহমদের বাড়ি নিয়ে মামলার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারকের কথোপকথন বলে আইনজীবীর দাবি। 

একাত্তর টেলিভিশন অবমাননা মামলা নিয়ে প্রতিবেদনে ওই অডিও টেপ সম্প্রচার করে। রাতে তাদের সংবাদ বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘একাত্তর জার্নাল’- এ ওই টেপের বিষয়ে আলোচনাও হয়।

ওই অনুষ্ঠান নজরে আসায় মঙ্গলবার আপিল বেঞ্চ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মতামত শোনে; পরে ভিডিও ও অডিও জমা দিতে বলে। 

এ বিষয়টির সূচনা গত ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠে ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ ঘিরে।

স্বদেশ রায় তার ওই লেখায় বিচারকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায়ের দিন স্বতঃপ্রণোদিত হয়ে অবমাননার রুল দেয় আপিল বিভাগ।

এ বিষয়ে দুই দিন শুনানির পর বৃহস্পতিবার এই রুলের রায়ের জন্য দিন করেছে আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চ।