চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর চট্টগ্রামে বৃহস্পতিবারের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামগ্রিকভাবে প্রশাসনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে।”
মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও নগরীতে ধর্মঘটের ডাক দিয়েছিল অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক সমন্বয় পরিষদ। গত রোববার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
ওই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে চট্টগ্রাম অটোটেম্পু-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারনুর রশিদ বলেন, মঙ্গলবার চট্টগ্রামের পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
“সামনে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস। তারা বলেছেন, জাতীয় শোক দিবসের আগে এ ধরনের কর্মসূচি পালন না করতে। এছাড়া মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টি সারা দেশের। এক্ষেত্রে মন্ত্রী ও মন্ত্রণালয় ছাড়া কারও কিছু করার নেই।”
হারনুর রশিদ বলেন, “জাতীয় শোক দিবসের প্রতি সম্মান দেখিয়ে আমরা কর্মসূচি স্থগিত করেছি।”
এদিকে সোমবার এক সংবাদ সম্মেলন করে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান বন্ধসহ ১০ দফা দাবিতে চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সিটি সড়ক পরিবহন মালিক ফেডারেশন।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনার পর তারাও কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
এ বিষয়ে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ কমিশনারের সাথে আলোচনা হয়েছে। তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন এবং এ লক্ষ্যে কাজও শুরু করেছেন।
“তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।”
