২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক কু চি টানেলে রাষ্ট্রপতি

ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামী ‘ভিয়েত কং’দের অন্যতম ঘাঁটি ‘কু চি টানেল’ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক

 হো চি মিন সিটি, ভিয়েতনাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 09:43 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

বুধবার বিকালে আবদুল হামিদ হো চি মিন সিটি প্রায় ৭০ কিলোমিটার দূরে ওই টানেল দেখতে যান।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের সময় কমিউনিস্ট পার্টি পরিচালিত গেরিলা যুদ্ধের অন্যতম ঘাঁটি ছিল এই কু চি টানেল।

১৯৬৮ সালের ৩০ জানুয়ারি এই টানেল থেকেই উত্তর ভিয়েতনামের পিপলস আর্মি এবং ভিয়েত কংরা দক্ষিণ ভিয়েতনাম, আমেরিকার সৈন্য এবং তাদের মিত্রদের ওপর বড় আঘাত হানে, যা ‘টেট অফেনসিভ’ নামে পরিচিত।

যুদ্ধের সময় এই টানেল লুকানোর জন্য, খাবার সরবরাহ, চিকিৎসা এবং সমর কৌশল নির্ধারণের জন্য ব্যবহার হত।

১২১ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল বর্তমানে ভিয়েতনাম সরকার সংরক্ষণ করে রেখেছে, যা এখন দক্ষিণ ভিয়েতনামের একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।

আবদুল হামিদ কু চি টানেলে গেলে সেখানকার কর্তৃপক্ষ ভিয়েতনাম যুদ্ধের সময়কার ব্যবহৃত বিভিন্ন বাঙ্কার, অস্ত্র, কুখ্যাত নাপাম বোমা, ভিয়েত কংদের ব্যবহৃত পোশাক দেখান এবং এই টানেলের তৎকালীন ব্যবহার সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যুদ্ধের সময় গেরিলাদের খাবার কাসাভা আলু দিয়ে আপ্যায়ন করা হয়।

এর আগে দুপুরে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হ্যানয় থেকে হো চি মিন সিটিতে পৌঁছান রাষ্ট্রপতি।

ভিয়েতনামের রাষ্ট্রপতি ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে রোববার হ্যানয় পৌঁছান রাষ্ট্রপতি।

সিঙ্গাপুরে যাত্রা বিরতি করে বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে তার।