কঠোর আন্দোলনের হুমকি চবি শিক্ষক সমিতির
সংশোধন ছাড়া অষ্টম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন করা হলে লাগাতার কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।
বুধবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনছুর এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, “আন্দোলনের অংশ হিসেবে ১৬ আগস্ট থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতি রোববার তিন ঘণ্টার কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন এবং দাবির সপক্ষে স্বাক্ষর সংগ্রহ করবেন শিক্ষকরা।”
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন দুই ধাপ কমিয়ে আনার এবং টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যে কারণে প্রস্তাবিত এ বেতন কাঠামোকে ‘বৈষম্যমুলক’ ও ‘অবমাননাকর’ বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন এবং প্রস্তাবিত ‘বৈষম্যমূলক’ অষ্টম বেতন কাঠামো সংশোধনের দাবিতে মে মাস থেকে আন্দোলন করে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন অষ্টম বেতন কাঠামো সংশোধন না হওয়া পর্যন্ত অথবা সরকারের কাছ থেকে ‘সংশোধনের’ আশ্বাস না পাওয়া পর্যন্ত ১৬ অগাস্ট থেকে প্রতি রোববার ফেডারেশনভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে তিন ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়।
