শিশু অপহরণ ও বিক্রি: একজনের যাবজ্জীবন
গাইবান্ধায় ২০ বছর আগের এক শিশুকে অপহরণ করে পতিতালয়ে বিক্রির মামলায় এক জনকে যাবজ্জীবন এবং তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
ওই আদালতের অতিরিক্ত পিপি আবু আহম্মেদ আব্দুল্লা কনক জানান, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন-সাদুল্লাপুর উপজেলার পাঠানোছা গ্রামের আব্দুল মান্নান।
তাকে একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান কনক।
তিনি বলেন, পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গি গ্রামের শহিদুল ইসলাম ও গাইবান্ধা সদর উপজেলার সাতানী সাদেকপুর গ্রামের মোছাদেকুর রহমান ওরফে শফিককে ১৪ বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
লালমনিরহাট সদর উপজেলার পুলহাট গ্রামের পারভীন বেগমকে ১০ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান তিনি।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুজনকে খালাস দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৪ সালের ৬ জুন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ চক দাড়িয়া গ্রামের ১১ বছর বয়সী একটি মেয়েকে আসামি আব্দুল মান্নান অন্য আসামিদের সহযোগিতায় বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।
এরপর তাকে ধর্ষণের পর লালমনিরহাটের পতিতালয়ে বিক্রি করে। পরে সেখান থেকে শিশুটিকে ভারতে পাচারের চেষ্টা চালানো হয়।
পাচারের সময় স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফেরত দেয় পুলিশ। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে হয়ে ছয় জনকে আসামি করে সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন।
