গাজীপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসাযীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয় বলে দাবি পরিবারের।
বুধবার ভোর বরমীর পাঠানটেক এলাকা থেকে লাশটি পাওয়া যায় বলে শ্রীপুর মডেল থানার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাওয়ার্দী জানান।
নিহত সোহাগ ঘোষ (২৫) ওই এলাকার সজল ঘোষের ছেলে। বরমী বাজারে তার হোটেলের ব্যবসা রয়েছে বলে জানান এসআই সোহরাওয়ার্দী।
সোহাগের বাবা সজল ঘোষ জানান, মঙ্গলবার সকাল নিজ হোটেলে যাওয়ার কথা বলে সোহাগ বাড়ি থেকে বের হন। দুপুর পর্যন্ত হোটেলে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
“ভোরে আমার মেয়ে দরজা খুলে বের হলে বাড়ির সামনের আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।”
এসআই জানান, সোহাগের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় থাকলেও পা মাটিতে লাগানো ছিল এবং হাঁটু বাঁকা ছিল। তবে নিহতের শরীরের কোনো স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নিহতের বাবার অভিযোগ সোহাগকে কেউ হত্যা করে লাশ রাতের কোনো এক সময় বাড়ির সামনের আম গাছে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। সজল ঘোষ বিকালে শ্রীপুরে থানায় হত্যা মামলার অভিযোগ দায়ের করেছেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
