২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায়ও গ্রেপ্তার মুফতি ইজাহার

বিস্ফোরণ মামলায় কারাগারে থাকা হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামকে সম্পদ বিবরণী জমা না দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 04:47 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার দুর্নীতি দমন কমিশনের একটি আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই হেফাজতনেতাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন বলেন, “এ মামলায় মুফতি ইজাহার পলাতক ছিলেন। আজ আদালতে হাজির করা হলে আমরা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করি।

“আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। যেহেতু আসামির অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়েছিল তাই দুদক আইনের ২৬ (২) ধারা অনুসারে তাকে অভিযোগ পড়ে শোনানো হয়।”

বিচারক আগামী ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন বলে জানিয়েছেন আইনজীবী মেজবাহ উদ্দিন।

এদিন ইজাহারের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন দুদকের সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান ও লিয়াকত আলী। গতবছরের ২৯ মে সাক্ষ্য দিয়েছিলেন মামলার বাদী দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক।

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিস ইস্যু করা হয়। তা গ্রহণ না করায় ওই বছরের ৭ জুলাই দুদকের কর্মকর্তারা লালখান বাজার মাদ্রাসায় গিয়ে নোটিস ঝুলিয়ে দেন। 

এরপরও বিবরণী না দেওয়ায় ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করে দুদক।

পরে ২০১৪ সালের ২১ এপ্রিল মামলায় অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম অঞ্চল-১ এর উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান।

এর আগে গত ৮ অগাস্ট লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের মামলায় ইজাহারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ইজাহার ওই মাদ্রাসার অধ্যক্ষ।