২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট বাস চলবে ৪টা থেকে

যাত্রীদের পিটুনিতে চালক নিহত হওয়ার ঘটনায় শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট দুঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 03:20 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

পুরনো খবর:

ধর্মঘটে সিলেট ও হবিগঞ্জ থেকে ঢাকার বাস বন্ধ

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট বিকাল ৪টা পর্যন্ত চলবে।

দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এক বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেওয়া হয়, যাত্রীদের দুর্ভোগ বিবেচনা করে সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকাল ৪টা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে বাবুল চন্দ্র দে শিবুর হত্যাকারীদের শাস্তির দাবি করে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

এর মধ্যে বাবুল হত্যাকারীদের বিচার না হলে ১ সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে বলে জানান পরিবহন শ্রমিক নেতারা।

সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। ঢাকার পথে বাস বন্ধ থাকলেও অন্যান্য রুটে চলাচল স্বাভাবিক।

সোমবার রাত ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদের জনপদ মোড়ে কয়েকজন যাত্রীর কিল-ঘুষিতে সংজ্ঞা হারান চালক বাবুল চন্দ্র দে শিবু (৪০)।

Image
চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বুধবার সিলেট-ঢাকা রুটে বাস ধর্মঘট চলছে।

চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বুধবার সিলেট-ঢাকা রুটে বাস ধর্মঘট চলছে।

Image
ধর্মঘটের কারণে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে ছাড়েনি সিলেটের বাস।

ধর্মঘটের কারণে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে ছাড়েনি সিলেটের বাস।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজন মিয়া (৩২), রেজাউল করিম (৩৩), সোহেল আহমেদ (৩০) ও কামরুল ইসলাম শাকিল (২৬) নামে চার যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পরদিন মঙ্গলবার ওই চার জনকে আসামি করে নিহতের স্ত্রী রীমা দে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম জানান।