২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যায় ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র: মন্ত্রী

সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 03:05 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

রাজধানীর সোনারগাঁও হোটেলে বুধবার রেজিস্ট্রেশন ম্যানুয়েল-২০১৪’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

রাজনকে হত্যার পর লাশ গুম করার সময় মুহিত আলম নামে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে মুহিত, তার ভাই কামরুল ইসলাম ও আলী হায়দার এবং ময়না মিয়া চৌকিদারসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এর মধ্যে মুহিতের ভাই সৌদি আরব প্রবাসী কামরুল ইসলাম ঘটনার পর সেদেশে পালিয়ে গেলে প্রবাসীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার ১৫ দিনের মাথায় গত ২৩ জুলাই আইনমন্ত্রী রাজধানীতে এক অনুষ্ঠানে ‘তিন চারদিনের’ মধ্যে অভিযোগপত্র দেওয়ার কথা বলেছিলেন।

অভিযোগপত্র দাখিলের পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার করার কথাও সে সময় বলেছিলেন তিনি।

আলোচিত এই হত্যার বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হবে কি না- এমন প্রশ্নে আনিসুল বলেন, “আলাদা কোনো ট্রাইব্যুনালের প্রয়োজন নেই। দেশে যে শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনাল রয়েছে তাতেই এই বিচার করা হবে।”

কামরুলকে দেশে ফিরিয়ে আনা নিয়ে সুস্পষ্ট কোনো জবাব না দিয়ে আইনমন্ত্রী বলেন, “কামরুল পলাতক থাকলেও বিচার প্রক্রিয়া শুরুতে কোনো বাধা নেই।”

পুরনো খবর:

রাজন হত্যার অভিযোগপত্র শিগগিরই: আইনমন্ত্রী